ব্রাহ্মণবাড়িয়ায়
শিক্ষার্থীদের দুর্নীতি
বিরোধী শপথ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৮
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৩’ উদযাপন উপলক্ষে ৭ সেপ্টেম্বর সনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে টিআইবি’র সহায়তায় স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সনাক সদস্য মোহাম্মদ আরজুর সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা। বিশেষ অতিথি ছিলেন সুজন ও দুপ্রক সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি জেসমিন খানম।
প্রধান অতিথি রিপন চাকমা বলেন, সাক্ষরতা দিবসের সফলতা পেতে হলে সবাই হবো সাক্ষর আর দক্ষ একুশ শতকে এই আমাদের লক্ষ্য এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে । বিশেষ অতিথি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান ও ফরিদা নাজমীন উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠের মাধ্যমে দুর্নীতিকে ঘৃণা করতে বলেন। দেশকে নিরক্ষর মুক্ত করতে হলে নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করতে হবে এবং আমাদের মিথ্যা কথা পরিহার করতে হবে। মিথ্যা কথা পরিহার করলে দেশ থেকে দুর্নীতি পরিহার হবে।
বক্তব্য রাখেন সনাক সদস্য আলী আকবর মজুমদার, আব্দুন নূর, শামীমা সিকদার দীনা, ফজিলাতুন্নাহার, শিক্ষার্থী হোসেন আল নাঈম, সাবরিনা জেবিন সেজুতি, শায়লা রেশমা ও মালেকা ইসলাম। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ৩১ আগস্ট রচনা প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। তন্মধ্যে প্রথম ১৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন জান্নাত চৌধুরী, সাদরুন্নেছা কবির নাভিলা ও মানছুরা আক্তার মমি। এরা সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।