সিরিয়া ইস্যুতে জাতিসংঘ প্রস্তাবে
সম্মত যুক্তরাষ্ট্র ও রাশিয়া
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রস্তাবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমর্পণের কথা বলা হলেও এতে ব্যর্থ হলে সিরিয়ায় হামলা চালানোর জন্য কোনো হুমকির কথা বলা হয়নি। কয়েক সপ্তাহের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার খসড়া প্রস্তাবের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দেশ দু’টি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার জানিয়েছেন, সিরিয়া রাসায়নিক অস্ত্রের মজুদ ত্যাগ করবে এ বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়া গেছে এবং বৃহস্পতিবার রাতে বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করার কথা রয়েছে। এদিকে বিষয়টি নিয়ে একটি ‘সমঝোতায়’ পৌঁছানো গেছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের পাশাপাশি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যত্ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ও দর কষাকষি চালিয়ে যায় যুক্তরাষ্ট্র। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র। গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এড়ানোর লক্ষ্যে চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিতে সিদ্ধান্ত হয়, সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে যার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে যাবে না যুক্তরাষ্ট্র। কূটনীতিকরা জানিয়েছেন, প্রস্তাবে রাশিয়ার সম্মতি পেতে নিরাপত্তা পরিষদের পশ্চিমা শক্তিগুলো তাদের প্রথমদিকের অনেক দাবি থেকে সরে আসে। জাতিসংঘ ঘোষণার ৭ম অধ্যায়ের আলোকে নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি প্রয়োগ করে প্রস্তাব মানাতে বাধ্য করার বিষয়টি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হলেও শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী তৈরি খসড়া প্রস্তাবে প্রস্তাব মানার জন্য আইনি বাধ্যবাধকতার বিষয়টি রাখা হয়েছে কিন্তু এর অন্যথা হলে নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি প্রয়োগের কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়নি।