মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টার সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে মনে করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সঙ্গে ইসরাইলের বসতি নির্মাণের লাগাম টেনে ধরার জন্য তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন আব্বাস।
আব্বাস বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে। সেই সঙ্গে শান্তি ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে সম্ভাবনাগুলো। সমঝোতার চলমান প্রচেষ্টাটিই হয়তো শান্তি ফেরানোর শেষ সুযোগ হয়ে যেতে পারে।
তিনি বলেন,“আমি এখানে সকলের প্রতি আবেদন জানাচ্ছি যে, ফিলিস্তিনের ভূমি বিশেষ করে জেরুজালেমে ইসরাইল ধারাবাহিকভাবে বসতি নির্মাণের যে কার্যক্রম চালাচ্ছে তার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করুন।”
এর একদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আরো আশাবাদী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়ে বলেছিলেন, উভয়পক্ষ আরো বিস্তারিত আলোচনা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা চলতি বছরের জুলাইয়ে কেরির উদ্যোগেই আবার শুরু হয়েছে।
এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে দ্য স্টেট অব প্যালেস্টাইন হিসেবে সম্মোধন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আপত্তি সত্ত্বেও গত নভেম্বরে জাতিসংঘের সর্বশেষ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে পর্যবেক্ষক থেকে অ-সদস্য রাষ্ট্রে উন্নীত করা হয়।
এ ব্যাপারে আব্বাস বেশ জোরের সঙ্গেই বলেন, জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থানের উন্নতির অর্থ কোনোভাবেই এটা নয় যে ইসরাইলকে ‘অবমাননা’ করা হলো। তিনি ইসরাইলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান যাতে দুই দেশের জনগণ পরস্পরের ভালো প্রতিবেশী হওয়ার পথে এগিয়ে যেতে পারে।