খুলনা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চুরির
ঘটনা বাড়ছে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় চুরির ঘটনা বাড়ছে। বিশেষ করে গত তিন মাসে নিরালাসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেসে বসবাসরত বিশ্ববিদ্যালয় ছাত্রদের কম্পিউটারসহ টাকা-পয়সা অহরহ চুরি হচ্ছে। গত বৃহস্পতিবার রাতেও সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ল্যাপটপ, এলসিডি কম্পিউটার ও ডিএসএলআর ক্যামেরা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এলাকাবাসী জানান, নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ২৮৩ নম্বর বাসায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়াদ রহমান নির্ঝর ও নাবিলসহ কয়েকজন ছাত্র বসবাস করেন। তারা বৃহস্পতিবার বিকালে বাসার দরজায় তালা লাগিয়ে বাইরে যান। এই সুযোগে চোরেরা দরজার তালা ভেঙ্গে নির্ঝরের ব্যবহূত ল্যাপটপ ও জাপানি ক্যানন ডিএসএলআর ক্যামেরা এবং নাবিলের এলসিডি কম্পিউটার নিয়ে যায়। রাতে নির্ঝর ও নাবিল বাসায় ফিরে চুরির ঘটনা জানতে পারেন। তবে ওই ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।