৫ম রাউন্ড শুরু আজ
মোহামেডানের ঘুরে দাঁড়ানোর মিশন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
আবাহনীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল শেখ জামালের বিপক্ষে এক পেশে ম্যাচে হেরেছে মোহামেডান। সর্বশেষ খেলাটিতে শেখ জামালের কাছে ২৩৯ রানের বিশাল ব্যবধানে হারের কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ শনিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে।
বিকেএসপি’র তিন নম্বর মাঠে লিগের পঞ্চম রাউন্ডে এ লড়াইটি অনুষ্ঠিত হবে। শেখ জামালেরটি বাদে আগের তিন খেলায় জয়ের সুবাদে ছয় পয়েন্ট পেয়েছে মোহামেডান। অপরদিকে দুটি করে জয় ও হার নিয়ে প্রাইম ব্যাংকের পয়েন্ট চার। তবে গুরুত্বের বিবেচনায় এগিয়ে রাখতে হবে গাজী ট্যাংক ক্রিকেটার্স ও মৌসুমের আলোচিত দল প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটিকে।
দোলেশ্বর ও গাজী ট্যাংক ছয় পয়েন্ট করে পেয়েছে। তাই পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান নেয়া দলদুটির সামনে এখন আরো আরো এগিয়ে যাওয়ার লড়াই। গাজি ট্যাংক সর্বশেষ ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে পাঁচ উইকেটে হারায়। এর সাথে যুক্ত হচ্ছে পেসার রুবেল ও ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যান স্কট স্টাইরিশের দুর্দান্ত ফর্ম। তাছাড়া আছে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নৈপুণ্য। চোখ রাখতে হবে ইমরুল কায়েস, আরাফাত সানি, নূর হোসেনদের দিকেও।
অন্যদিকে প্রাইম দোলেশ্বরের প্রেরণা হবে ‘দৈত্যবধের’ স্মৃতি। শেখ জামাল, আবাহনীকে হেসে খেলে হারানোর পর মোহামেডানের বিপক্ষে লড়াই করে হারে দলটি। তাই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী ট্যাংকের সামনে বড় পরীক্ষা নিয়েই হাজির হতে যাচ্ছে প্রাইম দোলেশ্বর।
দিনের সবচেয়ে গুরুত্বহীন ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা স্টেডিয়ামে। চার ম্যাচের সবকটিতেই পরাজিত সিসিএস প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ও পাঁচ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হারের পর কলাবাগান ক্রীড়াচক্রকে দারুণ ভাবে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া। আর অধিনায়ক নাসির হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকারদের সাথে কার্যকর তিন লঙ্কান ক্রিকেটারদের নিয়ে গড়া শক্তিশালী দলের সামনে সিসিএসের পেরে ওঠা কষ্টকরই হবে।
আজকের খেলাগুলো
ভিক্টোরিয়া সিসিএস ফতুল্লা
গাজী ট্যাংক প্রাইম দোলেশ্বর মিরপুর
প্রাইম ব্যাংক মোহামেডান বিকেএসপি-৩