‘এখনো চূড়ান্ত নয় ব্রাজিল দল’

ব্রাজিলের প্রধান কোচ লুই ফিলিপে স্কোলারি আবারো জানিয়েছেন যে, আগামী বছরের বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে ঠাঁই পেতে যে কারো জন্য এখনো তার দুয়ার খোলা আছে। জাম্বিয়া ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল ঘোষণা করতে গিয়ে এ কথা জানান ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো স্কোলারি। তিনি বলেন, ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলের হয়ে খেলার জন্য সকল ব্রাজিলীয় খেলোয়াড়রাই এখনো বিচেনার মধ্যে আছেন। স্কোলারি অক্টোবরে অনুষ্ঠেয় খেলা দুটির জন্য যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তাতে আছে লিভারপুল মিডফিল্ডার লুকাস লেইভা ও শাখটার ডনেস্কের স্ট্রাইকার বার্নার্ড। অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তা লা লিগায় গোল সাফল্য অব্যাহত রাখলেও তাকে বিবেচনা করা হয়নি। বিশ্বকাপ জয়ী এই কোচ বৃহস্পতিবার বলেন,‘আগে ডাক পাওয়া সকল ব্রাজিলীয় খেলোয়াড় কিংবা এখনো ডাক না পাওয়া সবাই বিশ্বকাপের জন্য গড়তে যাওয়া জাতীয় দলের অংশ। তবে চূড়ান্ত দলে কাদের রাখবো তা আমি এখনো জানি না। আমার মনে অনেক ভাবনা আছে। তবে আমি সর্বদাই কোন না কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাতে ঘটনাপ্রবাহ বদলাতে পারে। এটা নির্ভর করছে বিশেষ কিছু পরিস্থিতির উপর। সে জন্যই আমি বলছি যে বিশ্ব জুড়ে খেলা যে কোন ব্রাজিলীয় খেলোয়াড়ই ২০১৪ সালে জাতীয় দলে যোগ দিতে পারে।’ লা লিগায় ছয় খেলায় সাত গোল করা ২৪ বছরের কস্তাকে না ডাকার কারণ হিসেবে বলা হচ্ছে, স্পেন ফুটবল ফেডারেশন নাকি তাকে জাতীয় দলে খেলাতে চায়। কস্তা ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে খেললেও সেগুলো প্রীতি ম্যাচ বলে ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়টি জাতীয়তা বদলাতে পারবে। স্কোলারি অবশ্য এ বিষয়টিকে ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেন। তার মতে, ‘এটা অদ্ভুত এক পরিস্থিতি। কারণ এক, দুই কিংবা পাঁচ বছরের মধ্যে সম্ভবত যে কোন দেশ ২০জন খেলোয়াড়কে কিনে নিয়ে একটা দল বানিয়ে ফেলতে পারবে।’ ব্রাজিল কোচ অবশ্য বিষয়টি নিয়ে ফিফার সাথে আলোচনা করতে চান না। ব্রাজিল দল গোলরক্ষক জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাথলেটিকো মিনেইরো) ও দিয়েগো ক্যাভালিয়েরি (ফ্লুমিনেন্স)। ডিফেন্ডার দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (পালমেইরাস), দেদে (ক্রুজেইরো)। মিডফিল্ডার লুকাস লেইভা (লিভারপুল), হার্নানেস (ল্যাজিও), লুইজ গুস্তাভো (উলভবার্গ), পলিনহো (টটেনহ্যাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি)। স্ট্রাইকার বার্নার্ড (শাখটার ডনেটস্ক), জো (অ্যাথলেটিকো মিনেইরো), লুকাস মউরা (পিএসজি), হাল্ক (জেনিত), আলেকজান্ডার পাতো (করিন্থিয়ান্স), নেইমার (বার্সেলোনা)।