তিনটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রত্যেকটি টিভি চ্যানেলে শিশুদের জন্য নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। যাতে করে শিশুরা তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়। তিনি বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে শিশুদের জন্য আলাদা সময় বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে চ্যানেল মালিকদেরই এগিয়ে আসতে হবে এবং শিশুদের জন্য অনুষ্ঠান নির্মাণ করতে হবে। তিনি শিশু একাডেমি নির্মিত চলচ্চিত্রগুলো বিটিভিতে প্রচারের আশ্বাস প্রদান করেন। মন্ত্রী শিশু একাডেমির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশব্যাপী শিশুদের এসব চলচ্চিত্র ছড়িয়ে দেয়ার কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ৪র্থ শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত ৩টি শিশুতোষ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শিশুদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত ৩টি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়। তিনটি চলচ্চিত্রের মধ্যে একটি তথ্যচিত্র- ‘আমাদের মতিউর’, ব্যাপ্তি ১৮ মিনিট। ‘পম্পি নামের ছেলেটি’ এবং ‘অটুট স্বপ্ন’ কাহিনীচিত্র দুটির ব্যাপ্তি ২০ মিনিট। মন্ত্রী উপস্থিত থেকে চলচ্চিত্রগুলো দেখেন এবং প্রশংসা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালক মো. নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ।