বখতিয়ারের খুনিদের গ্রেফতার দাবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনে এ-লেভেলের ছাত্র বখতিয়ার মোহাম্মদ লতিফকে গুলি করে হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে স্বজনরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে নিহতের মা-বাবা ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বখতিয়ারের স্বজনদের অভিযোগ, ঘটনার পর থেকে পুলিশের দেয়া আশ্বাস এখন দিন দিন হতাশায় পরিণত হচ্ছে। বখতিয়ারের মা শামসুন্নাহার ফেরদৌসী বলেন, সন্তান হারিয়েছি তাকে আর কোনো দিন ফিরে পাবো না। অন্তত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হলে সান্ত্বনা পেতাম। বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ খোকা বলেন, ঘটনার পর থেকে পুলিশ খুবই তত্পর ছিল। গত কয়েক দিন ধরে কেউ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে না। শুধু আশ্বাস দিয়েই রেখেছে। সেই আশ্বাস এখন দিন দিন হতাশায় পরিণত হচ্ছে। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর উত্তর যাত্রাবাড়ী আল-সাজেদা ফিলিং স্টেশন সংলগ্ন ৯৬ নম্বর বাড়িতে বাবা-মা’র সামনে বখতিয়ার মোহাম্মদ লতিফকে (১৯) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।