রাজশাহীতে শিবির পুলিশ সংঘর্ষ, ৫ জন আটক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রশিবির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের জবাবে পুলিশ টিয়ারসেল ও গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় শিবিরের তিন নেতাকর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন বলে মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম দাবি করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে।
জানা গেছে, বুধবার রাতে মহানগরীর মালোপাড়ায় ছাত্রশিবির পরিচালিত কনটেস্ট ও কনক্রিট কোচিং সেন্টারের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ৮ শিবির নেতাকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার করে। ওই ঘটনাকে সাজানো নাটক দাবি করে ছাত্রশিবির শনিবারের মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে। অন্যথায় তারা আগামী রবিবার রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে। এছাড়া সংগঠনের নেতাকর্মীদের মুক্তি ও রবিবারের হরতালের সমর্থনে ছাত্রশিবির গতকাল বেলা সাড়ে ১১টায় নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ ছাত্রশিবিরের মিছিলের পিছু নিলে শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে নিউ মার্কেট এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করে।
এদিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় গ্রেফতারকৃত সাইফুদ্দিন ইয়াহিয়াসহ শিবিরের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন র্যাব কর্মকর্তারা। বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আসামিদের প্রত্যেকের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।