ভারত থেকে পরীক্ষামূলক বিদ্যুত্ আসা শুরু

ভারত থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ আসা শুরু হয়েছে। বাংলাদেশে গতকাল শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে বিদ্যুত্ সরবরাহ শুরু করে ভারত। প্রথমে আসে ৫০ মেগাওয়াট বিদ্যুত্। পরে সাড়ে ১২টার দিক থেকে শুরু হয় ১৭৫ মেগাওয়াটের সঞ্চালন। ভারতের বহরামপুর থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশের ভেড়ামারা উপকেন্দ্র হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে এই বিদ্যুত্। আগামী ৫ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যৌথভাবে এই বিদ্যুত্ আমদানি প্রক্রিয়া শুরু করবেন। এরপর সরকারি পর্যায় থেকে বাংলাদেশ নিয়মিত ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করতে থাকবে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, আমরা পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ আনা শুরু করেছি। ভারতের সঞ্চালন লাইন থেকে বাংলাদেশের সঞ্চালন লাইনে সফলভাবে বিদ্যুত্ আসছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগ পর্যন্ত কখনো বিদ্যুত্ আসবে-কখনো বন্ধ থাকবে। এই কয়েকদিন পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ আনা হচ্ছে। ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্টপুরে অবস্থিত গ্রিড উপকেন্দ্রে গতকাল পিজিসিবির কন্ট্রোল রুম থেকে ভারত হতে আমদানি করা ৫০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। এ সময় পিজিসিবির প্রকল্প পরিচালক কাজী ইশতিয়াক হাসানসহ বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিজিসিবির প্রকল্প পরিচালক কাজী ইশতিয়াক হাসান বলেন, পুরোপুরি ৫’শ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডের সঞ্চালনের আওতায় নভেম্বরের শেষে আনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭০ কিলোমিটার লম্বা এই সঞ্চালন লাইনে ভারতের বহরমপুর থেকে সে দেশের সীমান্ত পর্যন্ত ১৯৫টি টাওয়ার স্থাপন করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ভেড়ামারা স্টেশন থেকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রকটনগর সীমান্ত পর্যন্ত স্থাপন করা হয়েছে ৭৮টি টাওয়ার। এই অংশের বিদ্যুত্ সঞ্চালন লাইন লম্বায় ২৭ কিলোমিটার। বাংলাদেশ ভারত মিলিয়ে পুরো ৯৭ কিলোমিটার এ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এছাড়া ভারতের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারায় নির্মাণ করা হয়েছে ২টি সাবস্টেশন। উল্লেখ্য, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ কেনা হবে। এর মধ্যে ভারতের রাষ্ট্রীয় খাত থেকে ২৫০ মেগাওয়াট এবং বেসরকারি খাত থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুত্। রাষ্ট্রীয় খাতের বিদ্যুত্ কিনতে ২৫ বছরের ক্রয় চুক্তি করা হয়েছে। বেসরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করতে ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) দর প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম পড়বে ৬ টাকা ৩৪ পয়সা। এর সঙ্গে ভারত এবং বাংলাদেশ অংশের হুইলিং চার্জ যুক্ত হবে।