হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
জেলায় একটি সরকারি খালে মাছ ধরা নিয়ে গতকাল শুক্রবার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। প্রায় আড়াইঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫০ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের সেপটি নামে সরকারি খালে মাছ ধরা নিয়ে ধল এবং বামকান্দি গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে উভয় পক্ষ গতকাল সকাল ৮টায় উভয় পক্ষ টেঁটা, ফিকল, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে খাল দখল করতে যায়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সকাল ৯টায় একপক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে অন্তত ৪০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।