চট্টগ্রামে শরত্কালীন বই উত্সব শুরু

বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, বই মানে আনন্দ, বই মানে সভ্যতা। বিশ্বে দুটো সমাজ আছে একটি অক্ষর ভিত্তিক অন্যটা নিরক্ষর। অক্ষর ভিত্তিক সমাজ লেখার মাধ্যমে, দর্শনের মাধ্যমে বিশ্বকে আলোকিত ও উন্নত করছে। মানুষকে জাগানোর জন্য, উদ্দীপ্ত করার জন্য বইয়ের ভূমিকা অনস্বীকার্য। সবকিছুর জন্যে বইয়ের কাছে আমাদের যেতে হয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম একাডেমি আয়োজিত শরত্কালীন বই উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ উত্সবের উদ্বোধক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক-মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী। উত্সব আহবায়ক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ, প্রাবন্ধিক ডা. মো. রেজাউল করিম, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, সমাজসেবী লায়ন আবদুর রশীদ, একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফ, উত্সব সচিব মো. জাহাঙ্গীর মিঞা। বই উত্সব প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত।