মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ আটক ৯
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
জেলায় মালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার হোয়াইক্যং বিওপি বিজিবির জওয়ানরা চেকপোস্টে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্ল¬¬াশি চালিয়ে এদেরকে আটক করে। এদের মধ্যে নরসিংদীর ২ জন, নারায়ণগঞ্জের ৭ জন রয়েছে।
৪২ ব্যাটলিয়ান বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আটজন ভিকটিম ও দালাল মোঃ ইব্রাহিম খলিলকে থানায় প্রেরণ করে মানব পাচারকারী আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ধরনের চক্র নিরীহ লোকদের মালয়েশিয়ায় প্রেরণের নামে প্রতারণা করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের মধ্যে অনেকেই সাগরে মারা পড়ছে। কয়েক হাজার লোক মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকার কারাগারে মানবেতর জীবন যাপন করছে। পাচারকারীচক্র মিয়ানমারসহ দেশের বিভিন্ন জেলার লোকজনকে পাচারের জন্য উপকূল দিয়ে ট্রলারে করে জাহাজে তুলে দিচ্ছে। সাগর পথে মানব পাচারের মত অবৈধ কাজে কঠোর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় তা অব্যাহত রয়েছে।