বাংলাদেশি শ্রমিক নিতে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবের সরকারকে সুপারিশ করেছে দেশটির মন্ত্রী পরিষদের একটি প্যানেল। সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু হবে। প্রাথমিকভাবে গাড়ি চালক ও গৃহপরিচারিকা নেবে দেশটি। সূত্রের বরাত দিয়ে সৌদি আরবের ইংরেজি দৈনিক ‘আরব নিউজে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের শ্রম বিষয়ক কনসাল মোকাম্মেল হোসেন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরব নিউজকে বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেশি হারে শ্রমিক নেয়ার জন্য সৌদি আরবের সরকারের প্রতি আহবান জানিয়েছিলেন। এর মাধ্যমে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তি রপ্তানি করা সম্ভব হবে। বর্তমানে সৌদি আরবে ১২ লাখ ৮০ হাজারের বেশি বৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে। ২০০৮ সালে নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দেড় লাখ শ্রমিক কাজের জন্য দেশটিতে যেত। দেশটির শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ অঙ্গীকার করেছে অপরাধ কর্মকাণ্ডে জড়িত কোনো নাগরিককে তারা পাঠাবে না। সে অনুযায়ী কম খরচে বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে পারবে।