গাজীপুরে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
জেলায় বিভিন্ন গার্মেন্টস কারখানার পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এর ফলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, অবরোধ, ভাংচুর, অগ্নিসংযাগ ও পুলিশের সাথে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো কোনো ঘটনা গতকাল শুক্রবার ঘটেনি। গত কয়েক দিনের সহিংসতার পর গাজীপুরের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত। মহাসড়কগুলোতে গতকাল সকাল থেকে দেখা গেছে জলকামানসহ পুলিশের টহল।
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা চলেছে পোশাক শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, ভাংচুর, অবরোধ, অগ্নিসংযোগ, শ্রমিক-পুলিশ সংঘর্ষসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এ আন্দোলনের কারণে বন্ধ হয়ে পড়েছিল জেলার প্রায় সব গার্মেন্টস কারখানা। গত কয়েকদিনের ঘটনায় টিয়ার শেল, রাবার বুলেট, কাঁদানো গ্যাস নিক্ষেপ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ প্রায় ৫’শ শ্রমিক আহত হয়েছেন। জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, নিরাপত্তার জন্য সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত আছে। এছাড়া সার্বিক পরিস্থিতি এখন প্রশাসনের অনুকূলে রয়েছে।