কাশ্মির সীমান্তে গোলাগুলি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৩
কাশ্মিরে গত শুক্রবার ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিকেলে ভারত শাসিত কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ১৮৫ কিলোমিটার দূরে যুদ্ধবিরতি অমান্য করে উভয়পক্ষের গোলাগুলি শুরু হয়। জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র এস এন আচার্য বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ বিরতি ভঙ্গ করে বিকাল ৪টা ৪৫ মিনিটে গুলি শুরু করে পরে ভারতীয় সেনাবাহিনী একই ধরনের অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে এমন সময় গোলাগুলির ঘটনা ঘটল যখন তাদের প্রধানমন্ত্রীরা নিউইয়র্কে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। আগস্টের ৬ তারিখের পর থেকে প্রায় প্রতিদিন ভারত-পাকিস্তান সীমান্তে খন্ডযুদ্ধ চলছে। খন্ডযুদ্ধগুলোতে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান ও ভারত একে অপরকে গোলাগুলি শুরুর জন্য দায়ী করে আসছে।