এবারের ঈদে আসছে উঠতি গায়িকা সাবা’র একক

নিজের ক্যারিয়ার গড়ার জন্য স্বপ্ন সাধ সবারই থাকে। তবে প্রচলিত ধারায় গা ভাসিয়েই এখন সকলে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠার প্রাণান্ত চেষ্টা করছেন। ঠিক তেমনি সাবাও একই পথেই হাঁটছেন যেন। বর্তমানে বিগ বাজেটের মিউজিক ভিডিও নিয়ে যে করেই হোক দর্শকদের তাক লাগাতেই উঠতি এই গায়িকা একাধিক গানের ভিডিওসহ নিজের একক অ্যালবাম নিয়ে বাজারে আসছেন এই ঈদে। একই সাথে বর্তমানে ডুয়েট গানের যে প্রচলিত প্রথা রয়েছে, সেই হিসেবেই সময়ের ক’জন জনপ্রিয় শিল্পীদের সাথে গান করেছেন। এর ভেতরে আসিফের সাথেও গেয়েছেন একটি গান। এর বাইরে বেশ ক’জন গায়ক কাম মিউজিক কম্পোজারও গেয়েছেন মূলত ডুয়েট গাওয়ার সুবাদে ভালো একটি মিউজিক ভিডিও তৈরির সুবিধাতেই। তবে আর যাই হোক মেলোডি গান নিয়ে নিজের এই প্রাণান্ত চেষ্টাই উঠতি গায়িকা সাবাকে সাফল্যের দ্বারে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটনের নিজস্ব কোম্পানি থেকেই প্রকাশিত হচ্ছে সাবার নতুন অ্যালবাম। সাবার নতুন একক প্রসঙ্গে লিটন বলেন, ‘এ সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী বলে মনে করি সাবাকে। একগুচ্ছ মেলোডি গান নিয়ে সাজানো হচ্ছে এই অ্যালবামটি, সময়ের সবটুকু চেষ্টাই চালানো হচ্ছে। ঢাকায় আলাদা শুটিং স্পট থেকে শুরু করে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে তার ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি, এই চেষ্টার সঠিক মূল্যায়ন শ্রোতারা করবে।’