জলাশয় দখল করে মাছ চাষ
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
দিরাই-মদনপুর সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ বিভাগের জলাশয় দখল করে মাছ চাষ করা হচ্ছে। বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করতে সড়কের উভয় পাশকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছেন একশ্রেণীর প্রভাবশালীরা। এতে যেমন সড়কের উভয় পাশের প্রতিরক্ষা দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সবুজ বনায়ন, লাখ টাকার গাছ ধসে পড়ার উপক্রম হয়েছে। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা-উপজেলা সমন্বয় সভায় একাধিকবার বলেছি, কতিপয় প্রভাবশালী লোক মাছ চাষের জন্য দিরাই-মদনপুর সড়ককে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছেন, সড়ক ও জনপথ বিভাগ অর্থ খরচ করে বালিভর্তি চটের বস্তা ও বাঁশ দিয়ে সড়ক রক্ষার চেষ্টা করছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন- সড়কের ক্ষতিগ্রস্ত দেয়ালের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।