গফরগাঁওয়ের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অবাধ বৃক্ষ নিধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ কেটে বিক্রির হিড়িক পড়েছে। এসব গাছ বিক্রির লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে। এলাকাবাসী ও ইউএনও বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, সামপ্রতিক সময়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উপজেলার তেঁতুলিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭০ হাজার টাকা মূল্যের ৩টি গাছ প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং দৌলতপুর মুনিরিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দেড় লাখ টাকা মূল্যের ৩টি গাছ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন প্রফেসরের নেতৃত্বে কাটা হয়েছে। সান্দিয়াইন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ৭০ হাজার টাকা মূল্যের ৬টি গাছ কেটে বিক্রি করে। এ ঘটনায় রসুলপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হেকিম বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী বলেন, বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেয়া হয়েছে।