সৈয়দপুর মহিলা কলেজের তিন শিক্ষক বরখাস্ত

বিশৃংখলা সৃষ্টিসহ লেখাপড়া বাধাগ্রস্ত করার অভিযোগে সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম চাতু, যুক্তিবিদ্যার সিনিয়র প্রভাষক মাহাফুজুর রহমান ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক আসাদুজ্জামান সরকার। কলেজের স্বার্থে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেও কি কারণে, কোন অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা জানেন না বরখাস্তকৃত শিক্ষকরা। অপরদিকে কলেজের পরিচালনা কমিটির সভাপতি এমপি কর্ণেল (অব.) মারুফ সাকলান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র রায়সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজের সদস্য কাজী ময়নুল ইসলাম। বাদীর অভিযোগ, তার কাছে জোরপূর্বক সদস্যপদ থেকে পদত্যাগপত্র নেয়া হয়। এই ঘটনায় আদালত কারণ দর্শানোর নোটিস জারি করেছেন। গভর্নিং বডির সদস্য কাজী ময়নুল ইসলামকে লাঞ্ছিত করে এমপি কর্ণেল (অব.) মারুফ সাকলানের উপস্থিতিতে একদল বহিরাগত জোরপূর্বক তার কাছে সদস্যপদ থেকে পদত্যাগপত্র লিখে নেয়। এ অভিযোগে সৈয়দপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক ওই কারণ দর্শানোর নোটিস জারি করেন।