তিন জনের অপমৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর রংপুরে স্ত্রীকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া স্বামী আশেক আলী (৭০) তিন দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী (বরিশাল) গৌরনদী উপজেলার বিল্ব গ্রামে গত শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে সাথী নামে (২২) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। এ ব্যাপারে গৃহবধূর ভাই সোহেল মল্লিক বাদি হয়ে গৌরনদী থানায় একটি ইউডি মামলা করেন। সেনবাগ (নোয়াখালী) সেনবাগ উপজেলার মানিকপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মো. রুবেলের মেয়ে। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।