নেত্রকোনায় ডায়াবেটিক হাসপাতাল হচ্ছে না!

নেত্রকোনায় ডায়াবেটিক রোগীর সংখ্যা লক্ষাধিক হলেও আজ পর্যন্ত নেত্রকোনায় প্রস্তাবিত ডায়াবেটিক হাসপাতাল নির্মিত না হওয়ায় ডায়াবেটিক আক্রান্ত রোগীরা চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এ হাসপাতাল না হবার কারণ হচ্ছে আদালতে জমি সংক্রান্ত মামলা। মামলাটি দ্রুত শেষ হলে সেখানে ডায়াবেটিক হাসপাতালটি নির্মাণ করা হবে। ১৯৮৬ সালে নেত্রকোনায় ডায়াবেটিক সমিতি গঠনের পরপর সমিতির সভাপতি ডাঃ এম এ হামিদ খানসহ শহরের কয়েকজন গুণী ব্যক্তি নেত্রকোনায় ডায়াবেটিক ক্লিনিক প্রতিষ্ঠা করে সেখানে ডায়াবেটিক রোগের সীমিত চিকিত্সার ব্যসস্থা করেন। এভাবেই গত ২৭ বছর ধরে শহরের ছোটবাজারে ডায়াবেটিক ক্লিনিকের ছোট একটি ঘরে রোগীদের চিকিত্সা প্রদান করা হচ্ছে। এতে করে ভালোভাবে চিকিত্সা প্রদান হচ্ছে না। প্রতিদিন শত শত ডায়াবেটিক রোগী চিকিত্সা নিতে এই ক্লিনিকে আসলেও স্থানাভাবে তাদের চিকিত্সা সেবা দিতে সমস্যা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানান। নেত্রকোনা শহরের ঋষিপাড়ার কাছে এক একর ১৭ শতাংশ খাস জমি সরকারের নিকট দরখাস্ত করলে সকল বিভাগ থেকে অনাপত্তি পত্র দিলেও ঐ এলাকার এক ব্যক্তি মামলা করে দিলে হাসপাতালের জন্য জমিটি পাওয়া যাচ্ছে না। এখন এ মামলা নিষ্পত্তিও হচ্ছে না। এতে করে হাসপাতাল নির্মাণ সম্ভব হবে কিনা এ নিয়ে আশংকা দেখা দিয়েছে। সমিতির সভাপতি চিকিত্সক ডাঃ এমএ হামিদ খান বলেন, মামলার পক্ষে-বিপক্ষে একটি রায় হলে পরবর্তী পদক্ষেপ নেয়া যাবে। মামলায় যাই হোক, জনগণ অবিলম্বে ডায়াবেটিক হাসপাতালটি নির্মাণে সকল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।