কাউনিয়ায় চাঁদা না দেয়ায় রগ কর্তন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৬
রংপুরের কাউনিয়ায় ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় আমীন কনস্ট্রাকশনের মালিক ও কাউনিয়া ইত্তেফাক সংবাদদাতার হাতের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিস্তা ব্রিজের পরিত্যক্ত বিল্ডিংগুলো নিলামে দিলে কাউনিয়া উপজেলার আমীন কনস্ট্রাকশন সেগুলো দরপত্রের মাধ্যমে নিয়ে নেন। ভবন নেয়ার পর থেকে কিছু চাঁদাবাজ প্রতিষ্ঠানটির নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বৃহস্পতিবার ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাক ব্রিজে গিয়ে মালামাল লোড করে আসার সময় চাঁদাবাজরা ট্রাকের ড্রাইভারকে জিম্মি করে। পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক তাদেরকে রক্ষা করতে এলে চাঁদাবাজরা গোলাম মোস্তফা আনছারীকে খুর দিয়ে আঘাত করে। এতে কাউনিয়া ইত্তেফাক সংবাদদাতার ডান হাতের কবজির রগ কেটে যায়। সে বর্তমানে চিকিত্সাধীন রয়েছে। এ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।