বিভিন্ন স্থান থেকে পাঁচ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার গোয়ালী মান্দ্রা হাট এলাকায় গত শুক্রবার বিকালে অজ্ঞাতনামা (২৮) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে জেলার সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর
চাঁদপুর শহরের বিপনীবাগ অতিথি ভিলা থেকে গতকাল শনিবার সকালে হ্যাপী (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সারোয়ার হোসেন সুমন ও তার মাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার রাতে তাদের বিবাহবার্ষিকী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে ঘুম থেকে না উঠায় ঘরের লোকজন রুমের দরজা ভেঙ্গে হ্যাপীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। হ্যাপির বাবা নাজিম উদ্দিন বলেন, তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মডেল থানার ওসি (তদন্ত) শাহ্ আলম জানায়, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিষ্ণপুর উপজেলার বক্তারমোড়া গ্রামের হালুদা বিল থেকে গত শুক্রবার মো. জিল্লু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার রাতে কতিপয় পরিচিত লোক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়।
কমলনগর (লক্ষ্মীপুর)
জেলার কমলনগরের লুধুয়ায় মেঘনা নদী থেকে গত শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা চল্লিশোর্ধ একজনের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।