বেদখল দেবীগঞ্জ মহিলা কলেজের জমি

দেবীগঞ্জ মহিলা কলেজের জমিতে শুক্রবার রাতে একাধিক ব্যক্তি জোরপূর্বক বাড়ি-ঘর উঠিয়েছে। কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দেবীগঞ্জ থানাকে জানালে থানা পুলিশ তাদের উঠানো ৮/১০টি ঘর ভেঙ্গে দেয় এবং কলেজের জায়গা থেকে উচ্ছেদ করে। দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অধ্যক্ষর হস্তক্ষেপে পুলিশ দখলদারদের উচ্ছেদ করলে দখলদাররা রাতেই অধ্যক্ষর বাসায় ঢিল ছোঁড়ে ও বাসার বেড়া ভেঙ্গে দেয়। এ সময় বাসায় থাকা অধ্যক্ষর স্ত্রী ও ছেলে-মেয়েরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছে।