বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৫ আহত ৭
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত ও ৭ জন আহত হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত শুক্রবার দুপুরে বজ্রপাতে নারীসহ দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন— খড়িয়াল গ্রামের মুক্তিযোদ্ধা ইসারুল হকের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও আজমতপুর মোল্লাটোলা গ্রামের মৃত এস্তাব আলীর ছেলে কালু (৪৫)। হামিদা বেগম বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
গাংনী (মেহেরপুর)
মেহেরপুরের গাংনী উপজেলার খাশমহল গ্রামে গত শুক্রবার দুপুরে বজ্রপাতে লাল মোহাম্মদ (৪০) নামে এক কৃষক মারা গেছেন। সে আনছার আলীর ছেলে। মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। তিনি ঘটনাস্থলে মারা যান।
এদিকে গত শুক্রবার বজ্রপাতে আরো ছয়জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন— শাহারবাটি গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী শিল্পী (৩২), আবুল হাসানের স্ত্রী মর্জিনা (২৬), মাইলমারী ধলা গ্রামের হাফিজুলের ছেলে হাসিদুল (২৫) ও গৃহবধূ শারমিনা (৩২), বাঁশবাড়িয়া কলোনীপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে নাজমুল (৩২) এবং নওপাড়া গ্রামের সাবদেল হোসেনের ছেলে বাবলু (৩০)। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চারঘাট (রাজশাহী)
চারঘাট উপজেলার মিলিক লক্ষ্মীপুর গ্রামে গত শুক্রবার বজ্রপাতে আব্দুল লতিফের স্ত্রী মিলি (২৭) এক গৃহবধূ মারা যান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় সে উঠানে কাজ করছিল। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উপজেলার রুস্তমপুর গ্রামে বজ্রপাতে রাজিয়া বেগম (৪০) নামে একজন আহত হন।
রানীনগর (নওগাঁ)
রানীনগর উপজেলার তেলিপুকুর গ্রামে গত শুক্রবার বিকালে বজ্রপাতে শামীম হোসেন (১৪) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ওমির হোসেনের ছেলে।