জিল্লুর রহমান সিদ্দিকী ও
সালাহউদ্দীন আহমেদের
জন্মজয়ন্তী উদযাপন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
বর্ষীয়ান শিক্ষাবিদ, ঐতিহাসিক ও জাতীয় অধ্যাপক ড. সালাহ্্উদ্দীন আহমেদ এবং বরেণ্য শিক্ষাবিদ ও সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর জন্মজয়ন্তী উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এই দু’জনের ৯০ ও ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক মঞ্চ আলোকিত নগরী। ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জম্মদিন উদযাপন করা হয়। পরে সালাহউদ্দীন আহমদকে স্মারক প্রদান করেন অর্থমন্ত্রী প্রধান অতিথি আবুল মাল আব্দুল মুহিত। আর জিল্লুর রহমানকে স্মারক প্রদান করেন প্রফেসর ড. আনিসুজ্জামান। এ সময় দু’জনকেই উত্তরীয় পরিয়ে দেয়া হয়। শুভেচ্ছা জানাতে গিয়ে দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাদের দু’জনকে সমাজের আলোকিত মানুষ হিসাবে উল্লেখ করেন।
বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক ম হামিদ তাদের শুভেচ্ছা জানান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক ড. কাজী মুরশিদ ও অভিনেত্রী শমী কায়সার তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জিল্লুর রহমান রচিত রাজা যায় রাজা আসে কবিতাটি পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূর-উল ইসলাম, লেখক সৈয়দ শামসুল হক, শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম, ব্যারিস্টার আমির-উল ইসলাম প্রমুখ। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. অজয় রায়, অধ্যাপক ড. হায়াত্ মামুদ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক সৈয়দ মন্্জুর-উল ইসলাম, অধ্যাপিকা পান্না কায়সার প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।