হার্ভার্ডের মানবতা পুরস্কার পেল মালালা

‘পিটার জে. গোমেজ হিউম্যানি-টারিয়ান অ্যাওয়ার্ড ২০১৩’ পেয়েছে পাকিস্তানের নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। মানবতার পক্ষে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মালালা রাজনীতিবিদ হওয়ার আকাঙ্খা প্রকাশ করে। খবর এপির। শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসা-চুসেটসের ক্যামব্রিজে হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে মালালার হাতে এ পুরস্কার তুলে দেন হার্ভার্ড ফাউন্ডেশনের পরিচালক ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের নিউরোলোজির অধ্যাপক ড. এস অ্যালেন কাউন্টার। হার্ভার্ডের প্রেসিডেন্ট ড্রিউ গিলপিন ফাউস্ট বলেন, নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে অবিচল মালালাকে নিজেদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারী শিক্ষা বিস্তারের পক্ষে সোচ্চার মালালা গত বছর অক্টোবরে তালেবানদের গুলিতে আহত হয়। ১৬ বছর বয়সী পাকিস্তানি এই কিশোরী রাজনৈতিক নেতা হবার স্বপ্ন দেখে; কারণ রাজনৈতিক নেতাদের সমাজে অনেক প্রভাব থাকে। সোয়াত উপত্যকা ‘স্বর্গের’ মতো বলে মন্তব্য করে মালালা। কিছুদিন পর সেখানে ফিরে যাওয়ারও আশা প্রকাশ করে সে।