জাবিতে ফের শিক্ষকদের কর্মবিরতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে গতকাল শনিবার ফের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। অন্যদিকে বেশ কয়েকটি বিভাগে ক্লাস নিয়েছেন আন্দোলন বিরোধী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে আন্দোলনে নামার কথা জানিয়েছেন সচেতন শিক্ষার্থীরা।
ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। এরই প্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দীর্ঘ আলোচনার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মুহিবুর রহমানকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে না পারায় ফের গতকাল শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলন কর্মসূচি থাকলেও বেশকিছু বিভাগে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী ক্লাসও নিয়েছেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। তিনি বলেন, কিছু শিক্ষকের যুক্তিহীন অনৈতিক কর্মসূচির বিপরীতে এবং শিক্ষার্থীদের দাবির মুখে শহীদ মিনারে প্রতিবাদী ক্লাস নিয়েছি। নাটক ও নাট্যতত্ত্ব, ফার্মেসী, আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, লোকপ্রশাসন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ক্লাস-পরীক্ষা নেয়া হয়।
সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসি পদ না ছাড়লে কঠোর কর্মসূচির মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।