চট্টগ্রামে ইউএসটিসির উপ-উপাচার্য অবরুদ্ধ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় গতকাল শনিবার সকাল থেকেই উপ-উপাচার্য ড. ?এএইচ?এম ইসহাক চৌধুরীকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা। প্রায় ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় ইউএসটিসি কর্তৃপক্ষ, পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পায় উপ-উপাচার্য।
স্থায়ী উপাচার্য ও বিভাগীয় ডিন নিয়োগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) সদস্যপদ গ্রহণ, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক পদে স্থায়ী শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন ও ল্যাব-সুবিধা বাড়ানো, ক্যাম্পাসে পানি ও বিদ্যুত্ সমস্যার সমাধান ও টিউশন ফি কমানোসহ বিভিন্ন দাবিতে গত শনিবার উপ-উপাচার্যের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। দাবি পূরণের জন্য শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ সময় নিয়েছিলো ইউএসটিসি কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় গতকাল পুনরায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এসময় ছাত্ররা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেয়। এসময় তারা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে ছাত্ররা উপ -উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। নিরাপত্তার খাতিরে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।