বিভিন্ন পলিটেকনিকে ঘেরাও অবরোধ ভাংচুর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সংক্রান্ত দুইদফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ভাংচুর, অবরোধ ও মানববন্ধন করেছে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা দু’দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। তবে এ মানববন্ধন শেষে গতকাল শনিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা পলিটেকনিক ভবনের ভেতরে ভাংচুর চালিয়েছে। এসময় প্রশাসনের লোকজন তাদের বাধা দিলে কয়েকজন ছাত্র আহত হয়। এদিকে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার মোড়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়ে মানববন্ধন করে। বেলা সাড়ে ১২টার দিকে তারা আবারো রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের জলকামান দিয়ে সরিয়ে দেয়। এসময় মহাখালী-মগবাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকার গঠিত আলাদা দুটি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।
গত কয়েকমাস ধরে দু’দফা দাবি নিয়ে আন্দোলন করছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গণপূর্ত মন্ত্রণালয়ের ২০০৮ সালের বিতর্কিত বিজ্ঞাপনের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বিজ্ঞাপন ও সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকারের সর্বশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি না হওয়ায় তারা এ আন্দোলন করছে।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক-মালিক সমিতির সভাপিত ইদ্রিস আলী জানান, মানববন্ধন শেষে অধ্যক্ষের অফিস ঘেরাও করতে গেলে ছাত্র আহত হন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, দাবি না মানা হলে আজ থেকে দেশের সব পলিটেকনিকে সব ধরনের পরীক্ষা বয়কট করা হবে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলার মিরকাদিমে পলিটেকনিক ইনস্টিটিউটশন চত্বরে অগ্নিসংযোগ ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ও শিক্ষার্থীরা। পরে তারা পলিটেকনিক চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের উপকণ্ঠ মুক্তারপুরে এসে শেষ হয়। এ সময়
আজ রবিবার ও কাল সোমবার ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী সাতক্ষীরা-যশোর সড়কের পলিটেকনিক মোড় এলাকায় অবরোধ করে । বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ এ অবরোধে সমর্থন জানায়। এ সময় রাস্তায় কয়েক কিলোমিটার যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।
শেরপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে শনিবার দিনভর পুলিশের সঙ্গে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশ সদস্যসহ অর্ধশত শিক্ষার্থী আহত হয়। এ সময় শিক্ষার্থীরা শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, ইনস্টিউিটের বিভিন্ন শ্রেণিকক্ষ, গাড়ি ও মূল্যবান আসবাবপত্র ভাংচুর এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি বর্ষণ করে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় পলিটেকনিক ছাত্র সংগ্রাম পরিষদের ঘেরাও ও মানববন্ধন চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশের ছোঁড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে ৩জন ছাত্র আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল অফিস জানায়, ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার পদবী দেয়ার প্রতিবাদে ও দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বরিশাল পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের ঢুকতে দেয়া হবে না ও সব গেটে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গাড়ি ভাংচুরসহ ট্রাকে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।