ড. ইউনূসকে বিশেষ সম্মাননা

সামাজিক ব্যবসার জন্য হাইতিতে ১০ হাজার হেক্টর জমি প্রদান

সামাজিক ব্যবসা পরিচালনার জন্য নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের অনুকূলে ১০ হাজার হেক্টর জমি বরাদ্দ দিয়েছে হাইতি সরকার। এই জমিতে বনায়নসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। গত শুক্রবার নিউইয়র্কে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ সম্মেলনে হাইতির ওপর একটি বিশেষ অধিবেশনে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সই করেন ড. ইউনূস ও হাইতির কৃষি বিষয়ক মন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হাইতির প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামোথিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকায় ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয় যে ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে হাইতিতে ইতিমধ্যেই ৮টি সামাজিক ব্যবসা চালু হয়েছে এবং আরও অন্তত ১০টি প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে নিউইয়র্ক সফররত ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সেখানে অবস্থানরত আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা। এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের মাধ্যমে তাকে ‘লাইফটাইম এচিভম্যান্ট এ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে এই বিশেষ সম্মাননা দেয়া হয়। মূলত আলবেনিয়া ও কসভো অঞ্চলে দারিদ্র্য বিমোচনে কার্যকর সহায়তা প্রদানের স্বীকৃতি হিসাবেই নোবেল জয়ী এই বাংলাদেশিকে এমন সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত নৈশভোজে আরও অংশ নেন আলবেনিয়ার রাষ্ট্রপতি, কসভোর প্রধানমন্ত্রী, মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী, উক্ত দেশের মন্ত্রীবর্গ, মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য, শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণ এবং যুক্তরাষ্ট্রের বসবাসরত আলবেনিয়া ও কসভোর বিশিষ্টজনেরা। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে বিগত তিন বছর যাবত্ আলবেনিয়ায় সামাজিক ব্যবসা পরিচালিত হচ্ছে এবং এতে সেদেশের সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করছে।