জাতিসংঘে নওয়াজ শরিফ
ভারত-পাকিস্তানের অস্ত্র প্রতিযোগিতা অর্থের অপচয়
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের প্রাক্কালে বলেছেন, পাকিস্তান ও ভারত পারমাণবিক কিংবা যেকোন অস্ত্র প্রতিযোগিতায় ‘বিপুল সম্পদ’ অপচয় করেছে। শরিফ বলেন, তিনি ‘একটি নতুন শুরুর’ সূচনা করার অপেক্ষায় রয়েছেন। আমাদের দু’দেশ অস্ত্র প্রতিযোগিতায় যে পরিমাণ অর্থ অপচয় করেছি তা আমাদের জনগণের অর্থনৈতিক কল্যাণে ব্যবহার করতে পারতাম। আমাদের এখনো সেই সুযোগ রয়েছে। ভারত ও পাকিস্তান একই সঙ্গে সমৃদ্ধ হতে পারে। আর পুরো অঞ্চল আমাদের সহযোগিতা থেকে লাভবান হতে পারে।’
শরিফ আরো বলেন, ‘আমরা ভারতের সঙ্গে পুনরায় একটি অর্থবহ ও লক্ষ্যমুখী সংলাপে বসতে প্রস্তুত আছি। পাকিস্তান ও ভারতের ১৯৯৯ সালের একটি চুক্তি অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান করা উচিত। আমি একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল গড়তে অঙ্গীকারবদ্ধ। এটাই আমাদের জনগণের চাওয়া এবং দীর্ঘদিন ধরে আমি এ প্রত্যাশায় আছি।