পাকিস্তানে আবারো শক্তিশালী ভূমিকম্প নিহত ২০
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
পাকিস্তানে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার বেলুচিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে প্রাথমিকভাবে ২০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। অঞ্চলটিতে এক ভয়াবহ ভূমিকম্পে তিন শতাধিক লোকের মৃত্যু ও এক লাখ লোক বাস্তুচ্যূত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সর্বশেষ এই ভূমিকম্পটি আঘাত হানল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি প্রত্যন্ত আওয়ারান এলাকায় আঘাত হেনেছে। স্থানীয় সময় বেলা ১২টা ৩৪ মিনিটে ১৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পাকিস্তানে জাতীয় আবহাওয়া কেন্দ্রের পরিচালক জাহিদ রাফি জিও টিভিকে বলেন, ‘এটা ভূমিকম্প পরবর্তী কম্পন নয়। এটি একটি ভূমিকম্প।’
এর আগে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্পে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণপশ্চিমে অবস্থিত দরিদ্রতম এলাকা আওয়ারানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় ৩৫৯ জনের মৃত্যু ও লক্ষাধিক লোক গৃহহীন হয়ে পড়ে। শনিবার আওয়ারান থেকে এএফপি’র এক সাংবাদিক জানান, নতুন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিত্সাধীন কয়েকশ রোগী পালিয়ে গেছে। এরা মঙ্গলবারের ভূমিকম্পে আহত হয়েছিল।
পাকিস্তানে প্রধান আবহাওয়াবিদ আরিফ মেহমুদ এক্সপ্রেস নিউজকে জানান, শনিবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। আওয়ারানের উপকমিশনার আব্দুল রশিদ বালোচ জিও টিভিকে বলেন, ভূমিকম্পে মাশকেই এলাকার কয়েকশ মাটির ঘর ধবংস হয়েছে। এতে অনেকে ধবংসস্তুপের নিচে চাপা পড়েছে।