কুমিল্লায় বিজিবির ধাওয়ায় দুর্ঘটনায় নিহত মাদক ব্যবসায়ী

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে মোটর সাইকেল দুর্ঘটনায় তফাজ্জল (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার কুমিল্লা সদর উপজেলার মনাগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তফাজ্জল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নওহাট গ্রামের নুরুল হক পাটোয়ারির পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ী তফাজ্জলকে সীমান্ত এলাকা থেকে ধাওয়া করে। তফাজ্জল তখন দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে সদর উপজেলার মনাগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।