বাঘাইছড়িতে বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধন
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে বিজিবির নতুন ব্যাটালিয়ন ৫৪ বিজিবি। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন নতুন এ ব্যাটালিয়ন রবিবার ৩৯ বিজিব ব্যাটালিয়ন সদরে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি, জি।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন, দেশের অরক্ষিত সীমান্তগুলো পর্যায়ক্রমে বিজিবির নজরে আনা হবে। এ লক্ষ্যে বিজিবির নতুন ৪টি রিজিয়ন হেডকোয়ার্টার ও ৩টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত বিজিবির সার্বক্ষণিক নজরে আনতে কাজ চলছে। তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে নয়, এখন আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করতে হবে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খান, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি শামসুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি সেক্টর কামন্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান, ৩৯ ব্যাটালিয়নের জোন কামান্ডার লে: কর্ণেল রবিউল ইসলামসহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।