পাঁচবিবিতে বিদ্যুত্ দেয়ার নামে চাঁদাবাজি
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
বিদ্যুত্ দেয়ার নাম করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় লক্ষ লক্ষ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। তিন বছর ধরে এই চাঁদাবাজি চলেছে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নে নন্দইল গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌনে ৩ কিলোমিটার বিদ্যুতায়নের জন্য এলাকাটি অন্তর্ভুক্ত হয়। জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীর সমন্বয়ে মধ্য ও উত্তরপাড়ার প্রায় ৩ শতাধিক পরিবারের নিকট পর্যায়ক্রমে ৪ লক্ষাধিক টাকা চাঁদা তোলা হয়। এসব চাঁদার টাকা সমিতির সদস্য, মাপ অঙ্কন, বৈদ্যুতিক খুঁটি, মিটারের জন্য ব্যয় করা হয়। আমিনুল, কামরুল, মোস্তাক, আইনুল. আলম, আমজাদ, আজাদ, দেলোয়ার, মালেক, মুক্তিযোদ্ধা রোস্তমসহ শতাধিক গ্রামবাসী জানান, মধ্যপাড়ায় ৮টি খুঁটির পরিবর্তে দেয়া হয়েছে ৪টি খুঁটি। পল্লী বিদ্যুত্ সমিতির ইঞ্জিনিয়ার আনোয়ার, মেসার্স আলী এন্ড কোম্পানীর সাব-ঠিকাদার আব্দুল হালিম ও স্থানীয় রাজনৈতিক এক নেতা বেলালের যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহির্ভূতভাবে খুঁটিগুলো বসানো হয়। ফলে বিদ্যুত্ বঞ্চিত হয়েছে শতাধিক পরিবার। সরকারিভাবে বিদ্যুত্ দেয়ার অনুমতি থাকলেও গ্রামের সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির এ.জি.এম মোঃ শাহীনুর ইসলাম বলেন- তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ সম্পর্কে মুঠোফোনে জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির ভারপ্রাপ্ত জিএম মোঃ নূরুল ইসলাম সরকার বলেন, বিদ্যুত্ বিষয়ে ওই এলাকার সমস্যার কথা তিনি শুনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সেলিম জানান বিদ্যুত্ সংযোগের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিলও হয়েছে।