সৈয়দপুরে বিদ্যুত্ না পাওয়ায় চালু হচ্ছে না পোশাক কারখানা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
নীলফামারী সৈয়দপুরে নির্মিত তৈরি পোশাক কারখানা বিদ্যুত্ সংযোগের অভাবে উত্পাদনে যেতে পারছে না। আর শিগগিরই উত্পাদনে না গেলে জার্মানির আমদানিকারক ওই কারখানা থেকে কোন তৈরি পোশাক নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির সাথে জড়িত সংশ্লিষ্টরা বিপাকে পড়েছেন। প্রতিষ্ঠানে বিদ্যুত্ সংযোগ দিতে পল্লী বিদ্যুতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অজ্ঞাত কারণে টালবাহানা করছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তা। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি তৈরি পোশাক কারখানা গড়ে তোলা হয়। ঢাকা প্রজাপতি থ্রেড লিমিটেড নামের একটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ১ একর জায়গা জুড়ে ওই কারখানাটি গড়ে তোলে। এলাকার হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারখানাটি গড়ে ওঠে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সেতু প্রকল্প ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রামনাথপুর বহুমুখী নবায়ন সংঘের (আরবিএনএস) সুবিধাভোগী প্রায় ৫শ’ নারী এতে কাজের সুযোগ পাবেন।
রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর মহাব্যবস্থাপক নারায়ণ চন্দ্র রায় জানান, ওই কারখানার বিদ্যুত্ সংযোগের জন্য কেউ টাকা চেয়েছেন এটি সঠিক নয়। বিদ্যুত্ সংযোগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আর আমাদের সরবরাহের একটি সীমাবদ্ধতা রয়েছে। কারখানার ম্যানেজার নতুন একটি সাব-স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে, তখন হয়তো প্রজাপতি পোশাক কারখানায় বিদ্যুত্ সংযোগ দেয়া সহজ হবে। মহিবুর রহমান বলেন, নতুন বিদ্যুত্ সংযোগের ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। তারপরও কারখানায় বিদ্যুত্ সংযোগ দেয়া হচ্ছে না।