তেরটি স্বর্ণ জিতেও মন খারাপ আরিফুলের
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
বিকেএসপির কৃতি সাঁতারু আরিফুল ইসলাম এবার বয়স ভিত্তিক সাঁতারে ১৩টি স্তর্ণ পদক জিতলেও তার মন ভালো নেই। কারণ এগুলোর মধ্যে একটিও জাতীয় রেকর্ড নেই। সে তুলনায় ব্যক্তিগতভাবে মেয়েদের বিভাগে কুষ্টিয়ার সাগর খালীর মরিয়ম খাতুন ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে সেরা সাঁতারু হয়েছেন। এছাড়া বিকেএসপির জাহিদুল ইসলাম ১১টি, টিটু মিয়া ১১টি, নয়ন আলী ৬টি, রাশেদা খাতুন ৬টি স্বর্ণ পদক জিতেছেন।
আরিফুল ইসলাম গত আসরে ১০ স্বর্ণ জয়ের পথে সাতটি জাতীয় রেকর্ড গড়েছিলেন। অথচ এবার সেই সংখ্যাটা পেরিয়ে গিয়েও আফসোস যেন শেষ হচ্ছে না অষ্টম শ্রেণীর ছাত্রটির। তারপরও সব কিছু মেনে নিয়ে সান্তুনা খুঁজে আরিফুল বলেছেন দলের জন্য ১৩টি স্বর্ণ আনতে পেরেছি এটা কম না।
বিকেএসপির অষ্টম শ্রেণীর ছাত্র আরিফুলের আগে আরো কোনো সাঁতারু একই আসরে ১৩টি স্বর্ণ পদক পায়নি বলে ফেডারেশন সুত্র জানিয়েছে।
কৃতি সাঁতারু আরিফুল জাতীয় সাঁতারু শরিফুল ইসলামের ছোট ভাই। আরিফুল ছাড়াও
বয়স ভিত্তিক সাঁতারে ৫৮টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য এবং ২৯টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে। ১৫টি স্বর্ণ নিয়ে রানার্সআপ হয়েছে আনসার। সাগরখালী সুইমিং ক্লাব আটটি, মেহেরপুর সুইমিং ক্লাব, লালনশাহ সুইমিং ক্লাব ছয়টি করে স্বর্ণ জয় করেন।