গণকল্যায়ন শিক্ষা কেন্দ্রের রেজিস্টার্ড শিক্ষকগণ সরকারি সুযোগ-সুবিধা পাবেন না কেন?

সরকার শিক্ষা প্রসারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন আড়াই সিধা গ্রামে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে গণকল্যায়ন শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছিল। শিক্ষা প্রসারে শিক্ষা কেন্দ্রটি দারুণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ ছয় মাস শিক্ষাকেন্দ্রটি চালু থাকার পর আপাতত স্থগিত রাখা হয়েছে। শিক্ষা কেন্দ্রে দুই শ্রেণিতে শিক্ষক নিয়োগ করা হয়েছিল রেজিস্টার্ড শিক্ষক ও সহায়ক শিক্ষক। শিক্ষা কেন্দ্রের আদ্যোপান্ত পরিচালনায় ছিলেন রেজিস্টার্ড শিক্ষকগণ। সহায়ক শিক্ষকগণ আংশিক ভূমিকা পালন করেছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, সহায়ক শিক্ষকগণ সরকারি আর্থিক সহযোগিতাসহ পারিবারিক সুবিধা পেয়েছেন। কিন্তু রেজিস্টার্ড শিক্ষকগণ শূন্য হাতে শিক্ষা কেন্দ্র ত্যাগ করেছেন। শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখেও রেজিস্টার্ড শিক্ষকগণ কেন সরকারি অনুদান পাবেন না সেটাই প্রশ্ন। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। শিকদার ইসহাক আলী, আড়াই সিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া