পরিকল্পনা কমিশনের কর্মকর্তা হত্যা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনের যাবজ্জীবন তিনজন খালাস
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
পরিকল্পনা কমিশনের কর্মকর্তা ইব্রাহিম কামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিসহ তিনজনকে খালাস দিয়েছে হাইকোর্ট। জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই রায় দেন।
এই মামলায় বিচারিক আদালত দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলো। হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি তিনজনকে খালাস দেয়।
২০০৪ সালের ২২ নভেম্বর ইস্কাটনে মহিলা অধিপ্তরের সামনের রাস্তায় ছুরিকাহত হন পরিকল্পনা কমিশনের কর্মকর্তা ইব্রাহিম কামাল। এরপর তিনি দৌঁড়ে পার্শ্ববর্তী হলি ফ্যামিলি হাসপাতালের গেট পর্যন্ত গিয়ে জ্ঞান হারান। পরে ঐ হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় ঐদিন রাতেই তিনি মারা যান। পরে তার ভাই রমনা থানায় মামলা করেন। ২০০৫ সালের ২৬ মে মো. শহিদুল, আব্দুর রশীদ গুড্ডু, মো. জসীম ও মো. শহিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করেন। পরে শহিদুল ও গুড্ডু এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর ২০০৮ সালের ১৫ মে নিম্ন আদালত শহিদ ও গুড্ডুকে মৃত্যুদণ্ড এবং শহিদুল ও জসীমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। আপিল ও ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষে হাইকোর্ট গতকাল ফাঁসির দণ্ডপ্রাপ্ত গুড্ডুর দণ্ড কমিয়ে যাবজ্জীবন প্রদান করে। আদালতে আসামিপক্ষে আইনজীবী খবির উদ্দিন ভুঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন শুনানি করেন।