নাইজেরিয়ায় কলেজে জঙ্গি হামলা, ৫০ ছাত্র নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইয়োবে প্রদেশের একটি কৃষি কলেজে বন্দুকধারী জঙ্গিদের হামলায় ৫০ জন ছাত্র নিহত হয়েছে। প্রদেশের গুজবা পল্লী এলাকার এ কলেজে শিক্ষার্থীরা গতকাল রবিবার সকালে ডরমেটরিতে ঘুমিয়ে থাকাকালে জঙ্গিরা তাদের গুলি করে হত্যা করে। খবর বিবিসি’র। পুলিশ কমিশনার সানুসি রুফাই জানান, ইয়োবের রাজধানী দামাতুরুর প্রধান হাসপাতালে ৪০ টি মৃতদেহ দেখা গেছে। নিহতদের সবাই তরুণ এবং ওই কলেজেরই ছাত্র বলে জানিয়েছেন কলেজের প্রভোস্ট মলিমা ইদ মাতো। প্রায় এক হাজার ছাত্র পালিয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয় একজন রাজনীতিবিদ জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০। দুটি গাড়িতে মৃতদেহ বোঝাই করে স্থানীয় একটি হাসপাতালে নিতে দেখেছেন তিনি। জঙ্গিরা ক্লাসরুমেও আগুন দিয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র ল্যাজারাস এ্যালি। তিনি জানান, সামরিক বাহিনী ইতোমধ্যে ৪২ টি মৃতদেহ উদ্ধার করেছে। এই এলাকাটিতে জরুরি অবস্থা জারি ছিল। বোকো হারাম দেশটির উত্তরাঞ্চলে ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চায়। গত মে মাসে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর থেকে গোষ্ঠীটি আক্রমণের সংখ্যা বাড়িয়ে দেয়। গত জুনে দুটি স্কুলে হামলা চালায় বোকো হারাম। সামরিক বাহিনী ধারণা করছে,গত আগষ্টের এক অভিযানে জঙ্গি দলটির প্রধান আবু বকর শিকোউ নিহত হন।