নেত্রকোনা বিসিক শিল্পনগরীতে গ্যাস বিদ্যুত্ পানির সংকট

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হলেও গ্যাস বিদ্যুত্ পানি সংযোগ না থাকায় শিল্প উদ্যোক্তারা শিল্প-কারখানা চালু করতে পারছেন না। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিসিকের উদ্যোগে ২০০৪-২০০৫ অর্থ বছরে রেল ও নদীপথ সংলগ্ন রাজেন্দ্রপুর মৌজায় ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। ৪ বছরের মধ্যে অধিগ্রহণকৃত জমিতে মাটি ভরাট করে রাস্তা ও ড্রেন নির্মাণ করে প্লট বরাদ্দের উপযোগী করে তোলা হয়। ২০০৮-০৯ অর্থ বছর থেকে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দের কাজ শুরু হয়। ইতিমধ্যে আগ্রহী শিল্প উদ্যোক্তার মাঝে ১০৩টি প্ল¬ট বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে ৭০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৩টি শিল্প-কারখানার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অনেকেই কাঠামো তৈরি করেও গ্যাস এবং বিদ্যুত্ সংযোগের অভাবে শিল্প-কারখানা স্থাপন করতে পারছেন না। শিল্প প্লটগুলো গো-চারণভূমিতে পরিণত হয়েছে। বিসিক শিল্পনগরী পুরোপুরি চালু হলে কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থানের পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে বলে জানান শিল্প উদ্যোক্তারা। বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি জেএম জহির ফারুক জানান, গ্যাস সংযোগ না পাওয়া এবং বিদ্যুত্ সংযোগ বিড়ম্বনা, লোডশেডিং, পানি সরবরাহ গড়ে তুলতে না পারা প্রধান সমস্যা। সমস্যাগুলো দূর করা গেলে স্থানীয় কাঁচামালনির্ভর অনেক শিল্প-কারখানা স্থাপন করা সম্ভব। এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ে বার বার কথা বলেও কাজ হচ্ছে না। নেত্রকোনা বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নূরুজ্জামান জানান, প্ল¬ট বরাদ্দের কাজ প্রায় সম্পন্ন হলেও অনেক আগ্রহী উদ্যোক্তা প্রতিদিনই স্থানীয় বিসিক কার্যালয়ে যোগাযোগ করছেন। জমি স্বল্পতার কারণে প্লট বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে ৩৫টি শিল্প প্লট বরাদ্দের আবেদন আমাদের কাছে জমা রয়েছে। জমির অভাবে প্লট বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। অচিরেই গ্যাস-বিদ্যুতের সমাধান করা হবে।