আদালত অবমাননা আইন বাতিলের রায় স্থগিতের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
আদালত অবমাননা আইন-২০১৩ বাতিলের হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। গতকাল রবিবার ঐ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি উপস্থাপন করেন এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম। চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ৩ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে আদালত অবমাননা আইনকে অবৈধ ও সংবিধান পরিপন্থি ঘোষণা করে। ঐ রায়ে বলা হয়, এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সুপ্রিম কোর্টের ক্ষমতাকে খর্ব করেছে। এতে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এমন সুরক্ষা দেয়া হয়েছে, যা সংবিধানের ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ১০৮ (কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট) এবং ১১২ (সুপ্রিম কোর্টের সহায়তা) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।