ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত

ফুলবাড়ী সীমান্তে ভারতের অভ্যন্তরে কাঁটাতার সংলগ্ন এলাকায় গরু পারাপারের সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় এক চোরাকারবারী। এসময় তার সহযোগী আর এক যুবক আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার উপজেলার কাসিয়াবাড়ী সীমান্তে। সীমান্তবাসী ও বিজিবি সূত্র জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসিয়াবাড়ী সীমান্তের একদল ভারতীয় গরু ব্যবসায়ী নোম্যান্স ল্যান্ড অতিক্রম করার চেষ্টা করে। এসময় ভারতের ১২৪ কুচবিহার ব্যাটালিয়নের অধীনে শেউটি-১ ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে এবং বাংলাদেশী মনে করে বিএসএফ তাদের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এলোপাতাড়ি গুলি বর্ষণে রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। নিহত রফিকুল ইসলাম দিনহাটা থানার শুকারু কুটিগ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে।