মালিতে ফের সেনা বিদ্রোহী বন্দুকযুদ্ধ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। এ সংঘাত তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার উত্তরাঞ্চলের কিদাল শহরে পাহারারত সেনাদের ওপর অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে সেনারাও পাল্টা গুলিতে জবাব দেয়। বন্দুকধারীরা তুয়ারেগ বিদ্রোহী বলে স্থানীয় বাসিন্দারা ও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন। কয়েকদিন আগে যুদ্ধবিরতি চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর বিদ্রোহীরা এ হামলা চালালো। এই সংঘাতে কেউ হতাহত হয়েছেন কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি। কিদাল থেকে আঞ্চলিক গভর্নর আদামা কামিসোকো জানিয়েছেন, শহরে প্রচুর গোলাগুলি হয়েছে। বন্দুকধারীদের গুলিবর্ষণের জবাবে মালির সেনারাও পাল্টা গুলি ছুঁড়ছে। হামলাকারী বন্দুকধারীরা কারা তা তিনি জানেন না বলে জানিয়েছেন। তবে তার দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাবাদ (এমএনএলএ) এর সদস্য।