আজ আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ মঙ্গলবার সকালে ঢাকা আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে দলটির সব সদস্যই এক সঙ্গে আসছেন না। সকাল সাড়ে ১১টায় নিউজিল্যাল্ড দলের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে মোট ১৩ সদস্য ঢাকায় আসবেন। পরবর্তী তিন দিনের মধ্যে স্কোয়াডের বাকী সদস্যরা বাংলাদেশে এসে পৌঁছাবেন। আগামীকাল বুধবার সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে ব্ল্যাক ক্যাপরা। সেখানেই সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন দলীয় অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, নেইল ওয়াগনার ও হ্যামিশ রাদারফোর্ড। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের কারণেই তাদের আসতে দেরী হবে। সফর সূচি অনুযায়ী আগামী ৩ থেকে ৫ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি দল। এরপর আগামী ৬ থেকে ৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের পর ৯ থেকে ১৩ অক্টোবর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হবে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর ২১ থেকে ২৫ অক্টোবর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সিলেট জেলা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন সাপেক্ষে অনুষ্ঠিত হবে আগামী ছয় নভেম্বর। সফর শেষে নিউজিল্যান্ড এর পর দিনই দেশে ফিরে যাবে। নিউজিল্যান্ড স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, নেইল ওয়াগনার, হ্যামিশ রাদারফোর্ড, কেরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, টম ল্যাথাম, ব্রুস মার্টিন, ইশ সোধি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।