জন্মদিনে ড্র করলেন রাজিব

জন্ম দিনটা আরো সুন্দর হতে পারতো গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিবের। যদি তিনি ম্যাচটা জিততে পারতেন। কিন্তু ভাগ্য ভালো না রাজিবের। গতকাল নবম রাউন্ডে তিনি আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেছেন। নবম রাউন্ডের খেলায় সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে রাজিব ও জিয়া তৃতীয় স্থানে রয়েছেন। গতকাল বিওএ ভবনে রাজিবের জন্য কেক আনা হয়েছিল। অন্যান্য দাবাড়ুরা কেক কেটে রাজিবের মুখে তুলে দেন। খেলার ঘরে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। দাবাড়ুরা রাজিবকে শুভেচ্ছা জানিয়েছেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে নবম রাউন্ডে শীর্ষে রয়েছেন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। গ্র্যান্ডমাস্টার নিয়াজ ড্র করেছেন পিদে মাস্টার জাবেদের সাথে। আজ বেলা আড়াইটায় দশম রাউন্ডের খেলা শুরু হবে।