টার্নিং উইকেট চাই আজমলের

পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্পিনবান্ধব পিচ থেকে তার দল সহায়তা পাবে। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার হিসাবে বিবেচিত আজমল মনে করেন প্রোটিয়াসদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সব চেয়ে সেরা উপায় হচ্ছে আবুধাবি এবং দুবাইতে দুই টেন্টের জন্য টার্নি উইকেট তৈরি করা। আজমল বলেন, ‘পাকিস্তান যদি তাদের মূল শক্তি স্পিন দিয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করতে চায় তাতে কোন ক্ষতি নেই। আর প্রতিটি দেশই হোম টিম সহায়ক পিচ তৈরি করে থাকে।’ দক্ষিণ আফ্রিকার চেয়ে ভাল স্পিনার পাকিস্তানের রয়েছে বলেও স্বীকার করেন এ তারকা খেলোয়াড়। প্রকাশিত খবরে বলা হয়, আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকা লাহোরে জন্মগ্রহণকারী ইমরান তাহির এবং বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের ওপড় নির্ভরশীল থাকবে। পাকিস্তানী ব্যাটসম্যানদের কিছুটা সহায়তা করতে নিজের ব্যাটিংটাকেও গুরুত্ব সহকারে নিয়েছেন বলে জানান আজমল। বিশেষ করে দলের খারাপ অবস্থায় যতটা সম্ভব রান করে সহায়তা করাটা বোলারদের কর্তব্য।