হাতুড়ে ডাক্তারের ভুলে কাটা গেল স্কুল ছাত্রের হাত

পটিয়ায় মো. জসিম উদ্দীন নামের এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিত্সায় এক স্কুল ছাত্রের হাত কেটে ফেলা হয়েছে। বর্তমানে হতভাগ্য রাকিব চট্টগ্রাম নগরীর এভারগ্রীন ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছে। রাকিবুল ইসলাম পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র। রাকিব পৌরসভার সূর্যত খান বাড়ীর নূর মোহাম্মদের একমাত্র পুত্র। এ ব্যাপারে রাকিবের চাচা বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে মো. রাকিব ও তার কয়েক বন্ধু মিলে বাড়িতে খেলা করছিল। খেলার এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়ে তার বাম হাত ভেঙ্গে হাড় বেরিয়ে যায়। তাকে দ্রুত পটিয়া পৌর সদরের ক্লাব রোডস্থ শাহ আমির ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে ডা. জসিম রোগীকে দেখে ভাল করার প্রতিশ্রুতি দেন ও পার্শ্ববর্তী এক ফার্মেসীতে নিয়ে ভালভাবে ড্রেসিং ছাড়া সেলাই করে দেন। রাতে রাকিবের হাতে ইনফেকশন হয়ে মারাত্মক ব্যথা ও যন্ত্রণায় কাতরাতে থাকে। পরদিন সকালে ব্যান্ডেস খুলতেই পঁচা দুর্গন্ধ বের হয়। তখন ডা. জসিম একটি ইনজেকশন দিয়ে কৌশলে পূর্বদিনের দেয়া প্রেসক্রিপশনগুলো নিয়ে নেয় এবং ভাল কোন ক্লিনিকে ভর্তি করার পরামর্শ দেয়। পরে রাকীবকে নগরীর এভারগ্রীন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা দেখতে পায় রোগীকে ভালভাবে ড্রেসিং না করে কোন রকমে হাড় বসিয়ে সেলাই করে দেয়া হয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার বাম হাতটি রক্ষা করতে পারেনি। অবশেষে গত ২৪ সেপ্টেম্বর ওই ক্লিনিকেই তার হাতটি কেটে ফেলা হয়। তার মূল্যবান হাতটি হারিয়ে সে এখন নির্বাক হয়ে পড়েছে।